’ চিরনিদ্রায় শায়িত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম - The News Lion

’ চিরনিদ্রায় শায়িত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম




ঢাকা প্রতিনিধি : চিরনিদ্রায় শায়িত হলেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। পরিবারের সদস্যদের উপস্থিতিতে আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে স্বাস্থ্যবিধি মেনে ঢাকার মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এর আগে আজ বেলা ১১টা ৩৫ মিনিটে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। 


সুপ্রিম কোর্ট জামে মসজিদের পেশ ইমাম আবু সালেহ মো. সলিম উল্লাহ জানাজায় ইমামতি করেন। জানাজায় অংশ নেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ও হাইকোর্টের বিচারপতিরা। এছাড়া, আইনমন্ত্রী আনিসুল হক, রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন, মৎস্য ও পশুসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, পুলিশ মহাপরিদর্শক, ঢাকার পুলিশ কমিশনার অ্যাটর্নি জেনারেলের জানাজায় অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন আইনজীবীরা।


 সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার সন্ধ্যায় মারা যান মাহবুবে আলম। অ্যাটর্নি জেনারেলের মৃত্যুতে আইনমন্ত্রী গভীর শোক ও দুঃখ প্রকাশ এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন। এর আগে গতকাল রোববার অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মেয়ের জামাই সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ রেজাউল হক গণমাধ্যমকে বলেন, গত ৩ সেপ্টেম্বর রাতে অ্যাটর্নি জেনারেল জ্বর অনুভব করেন। পরদিন ৪ সেপ্টেম্বর সকালে তাঁর করোনাভাইরাস শনাক্ত হয়। 





শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকদের পরামর্শ নিয়ে ওই দিনই তাঁকে সিএমএইচে ভর্তি করা হয়। এরপর ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল। তবে ১৮ সেপ্টেম্বর ভোরে হার্ট অ্যাটাক হলে তাঁকে দ্রুত আইসিইউতে স্থানান্তর করা হয়। 


তাঁর জ্ঞান স্বাভাবিক অবস্থায় ছিল, কিন্তু হৃদযন্ত্র স্বাভাবিকভাবে কাজ করছিল না। তবে ১৯ সেপ্টেম্বর থেকে আগের তুলনায় তাঁর শারীরিক অবস্থার উন্নতি ঘটতে শুরু করে। ২০ সেপ্টেম্বর তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু ২১ সেপ্টেম্বর সকাল থেকে ফুসফুস ঠিকমতো কাজ করছিল না। অবস্থা সংকটাপন্ন হতে থাকে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.